সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার হবিবপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রাজু মিয়ার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, লন্ডনে শেখ মুজিবুর রহমানের শোক দিবসের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও পুলিশের সমালোচনামূলক বক্তব্য দেওয়ার জেরে দেশে তার বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। গত ১৬ই আগস্ট রাত আনুমানিক ০৯ঘটিকার দিকে এ অভিযান পরিচালনা হয়।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, মোঃ রাজু মিয়া, পিতা—মোঃ ইছরাক আলী, জগন্নাথপুর পৌরসভার হবিবপুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দেশে অবস্থানকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ১৫ আগস্ট লন্ডনের আলতাব আলী পার্কে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক দিবসের কর্মসূচিতে রাজু মিয়া অংশ নেন। পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকার ও পুলিশের কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রাজু মিয়ার গ্রামের বাড়িতে পুলিশ ব্যাপক তল্লাশি চালায়। এ সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, রাজু মিয়া বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করায় তার অনুপস্থিতিতে বাড়িতে তল্লাশি ও পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে তারা উদ্বিগ্ন। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে পুলিশ বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

