জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর নবনিযুক্ত পরিচালক মোঃ বদরুজ্জামান সেলিমকে সিলেটে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মী এবং জালালাবাদ গ্যাস ও রেডক্রিসেন্ট সোসাইটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময়কালে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মাহবুব কাদির শাহী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও জালালাবাদ গ্যাসের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা-কর্মচারী এবং যুব রেডক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ বিমানবন্দর উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানান।
বিমানবন্দর থেকে বের হয়ে মোঃ বদরুজ্জামান সেলিম সরাসরি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সেখানে আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন। পরবর্তীতে তিনি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে বিকেলে তিনি জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গতিশীল করা ও গ্রাহক সেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক সম্প্রতি পেট্রোবাংলার আওতাধীন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল)-এর পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।

