Saturday, October 3, 2026
Homeজাতীয়চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট...

চেম্বারের প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের মতবিনিময়

দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সিলেট চেম্বার ভবনে আয়োজিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মতবিনিময়কালে সিলেট জেলা রড, সিমেন্ট ও ঢেউটিন মার্চেন্ট গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে নবনিযুক্ত প্রশাসকের প্রতি আহ্বান জানান তারা।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সিলেটের ব্যবসায়ী সমাজের স্বার্থ সংরক্ষণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে চেম্বারের কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আগামী নির্বাচনকে ঘিরে সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজন রয়েছে। তারা আশা প্রকাশ করেন, নবনিযুক্ত প্রশাসকের নেতৃত্বে চেম্বারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে উঠবে।
সভায় চেম্বারের নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরী ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের নানাবিধ সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বস্ত করেন। তিনি বলেন, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় সকল ব্যবসায়ী সংগঠনের সাথে সমন্বয় রেখে ব্যবসায়ীবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করে যাবে।
সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরীর নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জুবায়ের আহমদ, সহ-সভাপতি সামছ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ধর্ম সম্পাদক হাজিফ কামরুল ইসলাম, মো: রুবেল আহমদ, হাসান আহমদ প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা শেষে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের পক্ষ থেকে নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।-বিজ্ঞপ্তি

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় পোষ্ট