নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের শরীফপুর গ্রামে ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেওয়াকে কেন্দ্র করে লন্ডন প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখ রবিবার দুপুর আনুমানিক ১২টা থেকে ১টার মধ্যে একদল লোক শরীফপুর গ্রামের শামসুল ইসলামের পুত্র যুক্তরাজ্য প্রবাসী মাজহারুল ইসলামের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর ও আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, ভুক্তভোগী মাজহারুল ইসলাম, ফেসবুকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি পোস্ট দেওয়ার পর ক্ষুব্ধ হয়ে আওয়ামীলীগের সমর্থক পরিচয়ধারী কয়েকজন এ হামলা চালায়।
জানা যায়, মাজহারুল ইসলাম বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। তার গ্রামের বাড়িতে শুধু বাবা-মা বসবাস করেন। হামলার ঘটনায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

