বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার খেসারিপাড়া এলাকা মোস্তফা উদ্দিনের ছেলে যুক্তরাজ্যপ্রবাসী জাকির হোসেনের বাড়িতে গভীর রাতে পুলিশের অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে। গত ১১ সেপ্টেম্বর শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান চালানো হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
জাকির হোসেন বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। তবে মামলাগুলোর সংখ্যা, ধারাসমূহ ও বর্তমান আইনগত অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
পরিবারের অভিযোগ, জাকির হোসেনের সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে পুলিশ তার বাড়িতে অভিযান পরিচালনা করে। বিশেষ করে ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সমালোচনা এবং সরকারের বিরুদ্ধে কথিত অপপ্রচারের অভিযোগের বিষয়টি সামনে এসেছে।
পরিবারের সদস্যদের আরও অভিযোগ, অভিযানের সময় তাদের হুমকি দেওয়া হয়। গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে অভিযান চালানোয় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলেও তারা দাবি করেন।
তবে পুলিশের পক্ষ থেকে এখনো অভিযানের সুনির্দিষ্ট কারণ, কোন মামলার ভিত্তিতে অভিযান পরিচালিত হয়েছে এবং অভিযানের সময় পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

