সুনামগঞ্জের দিরাইয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুক্তরাজ্যপ্রবাসী মো. নিজাম উদ্দিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তার বাবা-মাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।
জানা গেছে, গত ১৯ জুন ২০২৬ শুক্রবার রাত ১০টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ নম্বর কুলঞ্জ ইউনিয়নের বরইতিয়র গ্রামে নিজাম উদ্দিনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। নিজাম উদ্দিন বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকতে তিনি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলেন এবং বিদেশেও রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।
নিজাম উদ্দিনের পিতা মাওলানা আবুল খায়ের অভিযোগ করে বলেন, ঘটনার দিন প্রায় ১০ থেকে ১২ জন ব্যক্তি তাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর চালান। তাদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র ছিল বলেও তিনি দাবি করেন। তার অভিযোগ, হামলাকারীরা বাড়িতে ভাঙচুরের পাশাপাশি তাকে ও তার স্ত্রীকে ভয়ভীতি দেখান। হামলাকারীরা এ সময় নিজাম উদ্দিনকে উদ্দেশ্য করে হত্যার হুমকী দেয়।
পরিবারের দাবি, যুক্তরাজ্যপ্রবাসী নিজাম উদ্দিনের ফেসবুকে দেওয়া পোস্ট এবং প্রধানমন্ত্রীকে নিয়ে করা কথিত কটুক্তিকে কেন্দ্র করেই তার বাড়িতে এ হামলা চালানো হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের দাবি, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা স্থানীয় ছাত্রদলের নেতাকর্মী। তারা জিয়ার সৈনিক ভলে শ্লোগ্রান দিয়ে এ হামলা চালায়। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ঘটনার পর থেকে পরিবারটি আতঙ্কের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন নিজাম উদ্দিনের পিতা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

